শহীদ পরিবার ও আহতদের পাশে থাকবে সেনাবাহিনী সব সময়
জুলাই গণ অভ্যুত্থানে শহীদ পরিবার এবং আহতদের পাশে সেনাবাহিনী সব সময় থাকবে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। গতকাল সন্ধ্যায় রাজধানীর সেনা মালঞ্চে জুলাই অভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের সম্মানে সেনাবাহিনীর ইফতার আয়োজনে এ কথা বলেন সেনাপ্রধান। জুলাই অভ্যুত্থানে শহীদ এবং আহতদের জাতির কৃতী সন্তান অবহিত করে কাউকে মনোবল না হারানোর আহ্বান জানান সেনাপ্রধান। তিনি আরও বলেন, শহীদ এবং আহতদের পরিবারের পুনর্বাসনে সেনাবাহিনী চেষ্টা করে যাবে। ইফতার মাহফিলে দেশের বিভিন্ন প্রান্তে আন্দোলনে থাকা শহীদ এবং আহতদের পরিবার অংশ নেন। ইফতার শেষে আর্থিক সহযোগিতা প্রদান করা হয় জুলাই যোদ্ধাদের। সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, সেনাবাহিনীর পক্ষ থেকে এ পর্যন্ত ৪ হাজার ২০০ জন আহতকে চিকিৎসা দেওয়া হয়েছে। এ সহায়তা কার্যক্রম এখনো চলমান। আহতদের আর্থিক সহায়তা দিতেও কাজ করছে সেনাবাহিনী। পাশাপাশি ব্যবসায়ী ও বিভিন্ন প্রতিষ্ঠানও আহতদের সহায়তায় এগিয়ে এসেছেন। জুলাই আন্দোলনে আহতদের উদ্দেশে তিনি বলেন, আপনারা জাতির কৃতী সন্তান। আমরা আপনাদের পাশে আছি সব সময়। আপনারা মনোবল হারাবেন না। নিশ্চয়তা দেওয়া হচ্ছে আহতদের পাশে থাকবে সেনাবাহিনী। তাদের পুনর্বাসনে সহযোগিতা করা হবে।


